নদীতে ভেসে উঠল বিপুল পরিমাণ মরা মাছ, চাঞ্চল্য কোচবিহারে
কোচবিহার, ১৩ মার্চ (হি.স.): কোচবিহারের মানিকগঞ্জের খারিজা বেরুবাড়ি এলাকায় পাঙ্গা নদীর উপরিভাগে বিপুল পরিমাণ মরা মাছ ভেসে ওঠার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে দেখা যায়, বোয়াল, আড় এবং বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ নদীর জলে মৃ
নদীতে ভেসে উঠল বিপুল পরিমাণ মরা মাছ, চাঞ্চল্য কোচবিহারে


কোচবিহার, ১৩ মার্চ (হি.স.): কোচবিহারের মানিকগঞ্জের খারিজা বেরুবাড়ি এলাকায় পাঙ্গা নদীর উপরিভাগে বিপুল পরিমাণ মরা মাছ ভেসে ওঠার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে দেখা যায়, বোয়াল, আড় এবং বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ নদীর জলে মৃত বা অর্ধমৃত অবস্থায় ভাসছে।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার আট থেকে আশি— সব বয়সের মানুষ জাল ও থলে নিয়ে নদীতে নেমে পড়েন এবং মাছ ধরতে শুরু করেন। তবে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।

পরিবেশপ্রেমীদের মতে, এত বিপুল সংখ্যায় মাছের মৃত্যু কোনও সাধারণ ঘটনা নয়। তাঁদের প্রাথমিক অনুমান, বেশি মাছ ধরার লোভে রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যক্তি নদীতে বিষ প্রয়োগ করে থাকতে পারে, যার ফলে জলজ প্রাণীদের মৃত্যু হচ্ছে। অন্যদিকে, স্থানীয়দের একাংশের ধারণা, গত রাতের বৃষ্টির কারণে আশেপাশের চা বাগান থেকে কীটনাশক ও রাসায়নিক মিশ্রিত জল নদীতে মিশে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে।

পরিবেশবিদরা সতর্ক করে জানিয়েছেন যে, বিষ বা রাসায়নিকের প্রভাবে মরে যাওয়া এই মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। বিশেষ করে এই মাছ যদি বাজারে বিক্রি হয়, তবে সাধারণ মানুষের অজান্তেই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। তাঁরা জেলা প্রশাসনকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande