
কলকাতা, ১৩ মার্চ, (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গসফর ঘিরে তৈরি হওয়ার জটিলতার জেরে শুক্রবার দার্জিলিংয়ের জেলাশাসককে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল৷
গত শনিবার রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে অনুষ্ঠানস্থলের আচমকা পরিবর্তন ও প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ ওঠে৷ ঘটনায় কড়া অবস্থান নেয় মোদী সরকার৷ শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ও দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে সরানোর সুপারিশ করা হয়৷
বিষয়টি নিয়ে শুক্রবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয়। শেষ পর্যন্ত ঘটনার দায় দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারের ঘাড়েই চাপাল স্বরাষ্ট্র মন্ত্রক৷ দুই শীর্ষ আধিকারিককে পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর সুপারিশ করেছিল অমিত শাহের মন্ত্রক৷ সেই সুপারিশের একটা অংশ মেনে নিয়েছে নবান্ন৷ মণীশ মিশ্রকে করা হয়েছে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব৷ দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত