
দক্ষিণ দিনাজপুর, ১৩ মার্চ (হি.স.): বঙ্গ বিজেপির নেতারা শুক্রবার যখন কলকাতায় প্রধানমন্ত্রীর সমাবেশের আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময় তাঁর মন্ত্রী পরিষদের এক সদস্যের গড়ে ধাক্কা খেল গেরুয়া শিবির৷ সেখানে ইস্তফা দিলেন জেলা সভাপতি৷
এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী পরিষদের যে সদস্যের কথা বলা হচ্ছে, তাঁর নাম সুকান্ত মজুমদার৷ তিনি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং ওই জেলার বালুরঘাটের সাংসদও৷ সেই দক্ষিণ দিনাজপুরে বিজেপির জেলা সভাপতি ছিলেন স্বরূপ চৌধুরী৷ শুক্রবার তিনি ওই পদ থেকে ইস্তফা দিলেন৷
এদিন সকালে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে (বালুরঘাটে অবস্থিত) সংবাদিক বৈঠকের ডাক দিয়েছিলেন স্বরূপবাবু৷ সেখানেই তিনি পদত্যাগের কথা জানান৷ বলেন, ‘‘আমি স্বরূপ চৌধুরী, ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি ছিলাম। ২০১৩ সাল থেকে পার্টির যুব মোর্চার দায়িত্ব, তারপরে জেলার সম্পাদক এবং শেষ দু’বার বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছি। এবং শেষ দু’বার আমি এই জেলার সভাপতি ছিলাম।
আমার সামগ্রিক পরিস্থিতিতে মনে হয়েছে, আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়৷ তাই আমি স্বেচ্ছায় আমার সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম।’’
প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টির (বিজেপির) পশ্চিমবঙ্গের শীর্ষসারির নেতাদের শুক্রবার ছিল দিনভর ব্যস্ততা৷ কারণ, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় মিছিল রয়েছে বিজেপির৷ সেখানে মূল বক্তা নরেন্দ্র মোদী৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত