
কলকাতা, ১৩ মার্চ, (হি.স.): যে জমির জন্য আন্দোলন করে জনপ্রিয় হয়েছিলেন একসময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সিঙ্গুরে কৃষিজমিতে বিলাসবহুল বাংলো তৈরি করেছেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী৷ সরকারি নথিতে জমিটি কৃষিজমি হিসাবে চিহ্নিত। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন চন্দননগরের বাসিন্দা আইনজীবী সুপর্ণা দত্ত। মার্চ মাসের শেষের দিকে মামলার শুনানির সম্ভাবনা।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, রাজ্যের পূর্ণমন্ত্রী ইন্দনীল সেনের হলফনামায় দেখা গিয়েছে, তাঁর স্ত্রী মধুছন্দা সেন সিঙ্গুর ব্লকে একটা জমি কিনেছিলেন এবং সেই জমি মূলত কৃষিজমি৷ হলফনামায় জমির চরিত্র কলাবাগান, আমবাগান হিসাবে দেখানো হয়েছে৷ কৃষিজমির উপর সুইমিং পুল-সহ বাংলো বাড়ি তৈরি করেছেন তৃণমূল মন্ত্রী৷
২০২০ সালে জমিটি কেনা হয়েছে বলে নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন ইন্দ্রনীলবাবু । আইন অনুযায়ী জমির চরিত্র বদল না-করে বিলাসবহুল বাংলোটি বানিয়েছেন তাঁর স্ত্রী মধুছন্দা সেন৷ মামলাকারী প্রশ্ন করেছেন, জমির চরিত্র পরিবর্তন না করে এই বাড়ি তৈরির অনুমতি দিল কে?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত