
বক্সনগর (ত্রিপুরা), ১৩ মার্চ (হি.স.) : স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসে চরম বিপাকে পড়লেন জনৈক ব্যক্তি। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বেরিয়ে দেখেন, যেখানে মোটরসাইকেলটি রেখে গিয়েছিলেন সেখান থেকে সেটি উধাও। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে সেপাহীজলা জেলার বক্সনগর মহকুমার যাত্রাপুর থানাধীন কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গেছে, নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সহিদুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ স্ত্রীকে চিকিৎসার জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। হাসপাতালের চত্বরে মোটরসাইকেলটি পার্ক করে তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান।
কিছুক্ষণ পর চিকিৎসা শেষে স্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন, যেখানে বাইকটি রেখে গিয়েছিলেন সেখানে আর সেটি নেই।বাইকটির নম্বর টিআর০৭ই৯৬৩২। মুহূর্তের মধ্যেই হতভম্ব হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতাল চত্বরে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন সহিদুর রহমান।
সেখানে উপস্থিত কয়েকজন জানান, কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে হাসপাতাল এলাকা থেকে বেরিয়ে যেতে দেখেছেন তাঁরা। তবে তখন সেটি কারও আত্মীয় বা রোগীর বাইক ভেবে বিষয়টি গুরুত্ব দেননি।
বাইকটি চুরি হয়েছে বুঝতে পেরে সহিদুর রহমান সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে। স্থানীয়দের দাবি, হাসপাতাল চত্বরে পর্যাপ্ত নজরদারি না থাকায় এমন চুরির ঘটনা ঘটছে। তাই দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ