
মির্জাপুর, ১৩ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে সংকটের গুজব ছড়ানোর প্রেক্ষিতে জেলা শাসক পবন কুমার গাঙ্গোয়ার শুক্রবার স্পষ্ট জানিয়েছেন, জেলায় গ্যাসের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তেল সংস্থাগুলির সার্ভার ধীরগতির কারণে বৃহস্পতিবার অনলাইন বুকিংয়ে সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। তবে সেই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং শিগগিরই বুকিং ও সরবরাহ আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
জেলা শাসক আরও জানান, সার্ভারের ধীরগতির কারণে গ্রাহকদের গ্যাস বুকিং করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। এর জেরে কয়েকটি এলাকায় গ্যাসের ঘাটতি নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে বাস্তবে জেলায় কোথাও গ্যাসের ঘাটতি নেই এবং নিয়মিতভাবেই সরবরাহ চলছে বলে তিনি জানান।
তিনি সকল গৃহস্থালি রান্নার গ্যাস গ্রাহকদের কাছে আবেদন জানিয়েছেন, অযথা গ্যাস এজেন্সি বা গুদামে ভিড় না করার জন্য। বাড়িতে যদি পূর্ণ সিলিন্ডার মজুত থাকে, তবে আপাতত অতিরিক্ত সিলিন্ডার নেওয়ার চেষ্টা না করার পরামর্শও দেন তিনি। এতে প্রকৃত প্রয়োজন রয়েছে এমন গ্রাহকেরা সময়মতো গ্যাস পেতে পারবেন বলে জানান জেলা শাসক।
জেলা শাসক আরও বলেন, জেলা প্রশাসন গ্যাস সরবরাহ ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে, যাতে সরবরাহ স্বাভাবিক থাকে। কোনও ধরনের গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্যও সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, প্রযুক্তিগত সমস্যার সমাধান হলেই অনলাইন বুকিং এবং সিলিন্ডার সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং গ্রাহকদের আর কোনও অসুবিধা হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য