
বিলোনিয়া (ত্রিপুরা), ১৩ মার্চ (হি.স.) : হরিনাম সংকীর্তন উৎসবকে কেন্দ্র করে এলাকার অধিকাংশ মানুষ মেলায় ব্যস্ত থাকার সুযোগে একই রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার অন্তর্গত নলুয়া বাজার সংলগ্ন জয়পুর এলাকায়।
জানা গেছে, নলুয়া বাজারে চলছিল হরিনাম সংকীর্তন উৎসব ও মেলা। বৃহস্পতিবার ছিল উৎসবের শেষ দিন। ওইদিন রাতে নলুয়া সহ আশপাশের এলাকার অধিকাংশ মানুষ উৎসবে যোগ দিতে যাওয়ায় সুযোগ নেয় চোরের দল। নলুয়া বাজার সংলগ্ন জয়পুর এলাকা ও তার আশপাশে তিনটি বাড়িতে হানা দেয় চোরের দল।
চোরের দল জয়পুর এলাকার শিবু বিশ্বাস, নলুয়া জয়পুর হাসপাতাল সংলগ্ন তপন মহাজন এবং পাশের আরেকটি বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।
উৎসব শেষে বাড়িতে ফিরে এসে ঘরের তালা ভাঙা অবস্থায় দেখে চুরির ঘটনা টের পান বাড়ির লোকজন। পরে তাঁদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে চোরদের খোঁজাখুঁজি করলেও কাউকে ধরতে পারেননি।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই বিলোনিয়া থানার পুলিশ ও ঋষ্যমুখ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। শুক্রবার সকালে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিস্তারিত তদন্ত করে এবং বিভিন্ন স্থান থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত শিবু বিশ্বাসের স্ত্রী জানান, তাঁদের বাড়ি থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে তপন মহাজনও তাঁর বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনার বর্ণনা দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ