ধলেশ্বরে ভাড়া বাড়িতে নেশার কারবার, মূল অভিযুক্তসহ গ্রেফতার ৩
আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় ধলেশ্বর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চালানোর অভিযোগে মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট
তিন নেশা কারবারি গ্রেফতার


আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : রাজধানী আগরতলায় ধলেশ্বর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নেশা সামগ্রীর রমরমা ব্যবসা চালানোর অভিযোগে মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগার।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ ধলেশ্বরের ১০ নম্বর রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি ভাড়া নিয়ে চন্দ্রপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দে দীর্ঘদিন ধরে নেশা কারবার চালিয়ে আসছিল বলে অভিযোগ। বিভিন্ন এলাকার এজেন্টরা ওই বাড়ি থেকে নেশা সামগ্রী সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সরবরাহ করত।

অভিযানের সময় প্রসেনজিৎ দে-এর প্যান্টের পকেট থেকে নয়টি পাউচে রাখা মোট ১৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ঘরের খাটের নিচ থেকে প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগারও উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রসেনজিৎ দে-সহ আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগারের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় তিন লক্ষ টাকা। তিনি আরও জানান, ধৃত প্রসেনজিৎ দে-এর সঙ্গে একটি বড় নেশা চক্র জড়িত থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ধৃতদের শুক্রবারই আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande