
কলকাতা, ১৪ মার্চ (হি.স.): “কৃষক দিবসে সকল আমার সকল কৃষক ভাইবোন ও তাঁদের পরিবারকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।” শনিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “নন্দীগ্রামে কৃষিজমি আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই দিনটিকে আমরা ‘কৃষক দিবস’ হিসেবে পালন করি।
আমাদের কৃষকরা আমাদের গর্ব। তাঁরাই আমাদের অন্নদাতা। তাই তাঁদের প্রতিটি প্রয়োজনে আমরা তাঁদের পাশে থাকি।
‘কৃষকবন্ধু (নতুন)’ প্রকল্পে আর্থিক সহায়তা থেকে শুরু করে ন্যায্য মূল্যে বিক্রি, শস্য বিমার যাবতীয় খরচ বহন করা থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা, কৃষকের অকাল মৃত্যুতে কৃষক পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে কৃষক পেনশন প্রদান, ১৮৬টি ‘কিষাণ মান্ডি’ চালু করা থেকে শুরু করে বিনামূল্যে কৃষি যন্ত্র প্রদান – সবকিছুই আমরা করেছি।
কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে কৃষক, বর্গাদার, ভাগচাষীরা এখন বছরে ১০০০০ টাকা করে পান। যার সামান্য জমিও আছে তিনিও ন্যূনতম ৪০০০ টাকা পান। এই টাকা দুই কিস্তিতে, খরিফ আর রবি মরশুমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে এখন পর্যন্ত মোট ৩০০৫১ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উপকৃত হয়েছেন মোট ১.১৪ কোটিরও বেশি কৃষক, বর্গাদার ও ভাগচাষি।
এবার কৃষক, বর্গাদার এবং ভাগচাষিদের পাশাপাশি খেতমজুরদেরও বছরে দুই কিস্তিতে ৪,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মোট প্রায় ২৮ লক্ষ আবেদনকারীদের ব্যাঙ্ক একাউন্টে গত ৮ই মার্চ থেকেই টাকা পাঠানো শুরু হয়ে গেছে।”
প্রসঙ্গত, নন্দীগ্রাম দিবসের শুভেচ্ছাও পৃথকভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত