
কলকাতা, ১৪ মার্চ, (হি.স.): শনিবাসরীয় দুপুরে স্ত্রী রিঙ্কুকে নীচে রেখেই মঞ্চে উঠেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু কে জানত ‘বিয়ে পর্ব’ এখানেও তাঁর পিছু নেবে। খোদ প্রধানমন্ত্রীও বিয়ে নিয়ে তাঁর সঙ্গে মস্করা করবেন কেই বা জানত!
এদিন ব্রিগেডে বক্তৃতার শেষে মঞ্চে থাকা দলের সব নেতাদের সঙ্গেই হাত মেলান প্রধানমন্ত্রী। কারও কাঁধে দিয়ে কথা বলেন তো কারও পিঠ চাপড়ে দেন। এভাবে দিলীপ ঘোষের সামনে আসতেই, তাঁর বাম বাহু ধরে ফেলেন মোদী। তার পর বলেন, “আরে তুম তো বহুত বদমাশ হো!”
হঠাৎ প্রধানমন্ত্রী এরকম কথা বলবেন ভাবতেও পারেননি দিলীপ। তাঁর মুখের অভিব্যক্তিটাই ছিল দেখার মতো। তার পর প্রধানমন্ত্রীই বলেন, “হামারে ইহাঁ লোগ শাদি করতে হ্যায় তো খানা খিলাতে হ্যায়। ইয়ে তো মিঠাই ভি নেহি খিলায়া’।
দিলীপ ঘোষের ডান দিকে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আর বাম দিকে দলের রাজ্য নেতা মনোজ পাণ্ডে। প্রধানমন্ত্রীর এই টিপ্পনি শুনে তাঁরা হাসতে থাকেন। প্রধানমন্ত্রীর ঠিক পিছনে ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। তিনিও দৃশ্যত আমোদিত ছিলেন এ ঘটনায়। একমাত্র দিলীপ ঘোষের তখন লাজুক লাজুক মুখ।
এই সময়ে আশপাশের নেতারা বলেন, ‘দিলীপদা এবার দিল্লিতে গেলে পুরো মিঠাইয়ের ডাব্বা নিয়ে যাবেন’। তা শুনে আবার প্রধানমন্ত্রী বলেন, ‘আরে আমি তো মিষ্টি খাই না। দিলীপ আমাদের কিছুই খাওয়াল না, তাই বললাম’।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত