
মেদিনীপুর, ১৪ মার্চ (হি. স.) : রেল পরিকাঠামো ও যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে একগুচ্ছ নতুন প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দেশবাসীকে উৎসর্গ করেন। এই পদক্ষেপের ফলে যাত্রী সুবিধা ও আঞ্চলিক রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
রেল সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রী ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় পুনর্নির্মিত তমলুক এবং হলদিয়া রেল স্টেশনের উদ্বোধন করেন। এই স্টেশনগুলোতে আধুনিক প্রতীক্ষালয়, উন্নত যাত্রী পরিষেবা, যাতায়াতের সুগম ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন বাহ্যিক পরিকাঠামো তৈরি করা হয়েছে।
পাশাপাশি, রেলের গতি ও সক্ষমতা বাড়াতে বেলদা ও দাঁতন-এর মধ্যে নবনির্মিত তৃতীয় রেল লাইনটিরও উদ্বোধন করেন তিনি। রেল আধিকারিকদের মতে, এই অতিরিক্ত লাইনের ফলে ট্রেন চলাচলের গতি বাড়বে এবং যাত্রীবাহী ও মালবাহী ট্রেনগুলো আরও সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারবে।
রেল সুরক্ষাকে আরও মজবুত করতে এদিন কলাইকুণ্ডা ও কনিমাহুলির মধ্যে 'অটোমেটিক ব্লক সিগন্যালিং' ব্যবস্থারও সূচনা করা হয়েছে। এই অত্যাধুনিক সিগন্যালিং প্রযুক্তির ফলে দুটি ট্রেনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা সহজ হবে এবং ট্রেন চলাচলের সময়ানুবর্তিতা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে।
এই উপলক্ষে তমলুক, হলদিয়া, বেলদা এবং কলাইকুণ্ডা স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে জনপ্রতিনিধি, রেল আধিকারিক এবং সাধারণ মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। রেল কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পগুলো সচল হওয়ার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি