
শিলচর (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শিলচর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বায়ুসেনার বিশেষ উড়ানে শিলচরের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে আবতরণ করলে সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালরা। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান শিলচরের অম্বিকাপুর ময়দানে। সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বরাক উপত্যকার জন্য ২৩,৫০০ কোটি টাকার কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
প্রকল্পগুলির মধ্যে রয়েছে ২২,৮৬৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত শিলচর-উমিয়াম (মেঘালয়) হাইস্পিড এক্সপ্রেস করিডর। এই প্ৰকল্প উত্তরপূর্ব ভারতে এ ধরনের প্রথম এক্সপ্রেসওয়ে। ১৬৬ কিলোমিটার দীর্ঘ এই করিডর চালু হলে শিলচর থেকে গুয়াহাটি যাতায়াতের সময় বর্তমানের প্রায় ১০ ঘণ্টা থেকে কমে মাত্র ৪.৫ ঘণ্টায় নেমে আসবে।
এছাড়া শিলচর শহরে ৫৬৩ কোটি টাকার একটি এলিভেডেট করিডরের শিলান্যাস এবং শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিতে ১২২ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়েরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এর পর শিলচরের অম্বিকাপুরে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কৃপানাথ মালা ও কণাদ পুরকায়স্থ (রাজ্যসভা) সহ বরাক-বিজেপির সব পদাধিকারী ও কার্যকর্তা-সমর্থক, অসংখ্য জনতা এবং প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ।
শিলচরের কর্মসূচি শেষে দুদিনের অসম সফর সমাপ্ত করে সাড়ে বারোটা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস