
নয়াদিল্লি, ১৫ মাৰ্চ ২০২৬ (হি.স.) : ১২৬ আসনের ষোড়শ অসম বিধানসভা নির্বাচন হবে এক দফায়, নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আজ রবিবার বিকাল চারটায় দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুই নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সাঁধু এবং ড. বিবেক জোশিকে দুপাশে বসিয়ে অসম সহ পাঁচটি রাজ্যর বিধানসভা নির্বাচন ২০২৬-এর দিনক্ষণ ইত্যাদি ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
প্রথমবারের মতো অসমে এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অসমের নির্বাচনী সূচি ঘোষণা করে জানান, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পূর্বালোচনা ও পরামর্শ এবং রঙালি বিহুর ব্যস্ততা বিবেচনা করে অসমে এক দফায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বিহুর আগে ৯ এপ্রিল একদিনেই অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রের সবকয়টিতে ভোটগ্রহণ সম্পন্ন হবে। অন্যদিকে সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ৪ মে ভোট গণনা করা হবে, জানান তিনি।
মুখ্য নির্বাচন কমিশনার ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল ১৬ মার্চ নির্বাচনী গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সেই সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ। মনোনয়নপত্র যাচাই হবে ২৪ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মার্চ। এর পর ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৪ মে ভোটগণনা সম্পন্ন হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অসমে মোট ২.৫০ কোটি ভোটারের মধ্যে এবার ৫.৭৫ লক্ষ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে ২,৫৮৬ জন শতবর্ষী ভোটার, ৮৫ বছরের ঊর্ধ্বে ১.০৪ লক্ষ, ২.০৪ লক্ষ বিশেষভাবে সক্ষম ভোটার, ২০ থেক ২৯ বছর বয়সি ৬৬.৩০ লক্ষ ভোটার এবং ৬৩,২৬৯ জন সার্ভিস ভোটার রয়েছেন।
অসমের মোট ১২৬টি বিধানসভা আসনের মধ্যে ৯৮টি সাধারণ শ্রেণির জন্য, নয়টি (৯) তফশিলি জাতি এবং ১৯টি তফশিলি জনজাতির জন্য সংরক্ষিত।
প্ৰসঙ্গত, বর্তমান পঞ্চদশ অসম বিধানসভার কার্যকাল আগামী ২০ মে শেষ হবে।
সংক্ষেপে অসম বিধানসভা নির্বাচন সূচি —
নির্বাচনের বিজ্ঞপ্তি জারি ১৬ মার্চ ২০২৬।
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ ২০২৬।
মনোনয়নপত্র যাচাই ২৪ মার্চ ২০২৬।
প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মার্চ ২০২৬।
ভোটগ্রহণ ৯ এপ্রিল ২০২৬ এবং
ভোটগণনা ও ফলাফল ৪ মে ২০২৬।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস