
গুয়াহাটি, ১৪ মাৰ্চ (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে গুয়াহাটি পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবার শেষ বিকালে বড়ঝাড়ে অবস্থিত গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমনবন্দরে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, সাংসদ কামাখ্যপ্ৰসাদ তাসা অসম প্ৰদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া প্ৰমুখ।
জানা গেছে, দুদিনের সফরে রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন অমিত শাহ। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান কইনাধরায় রাজ্য অতিথিশালায়। দুদিনের সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি।
আগামীকাল রবিবার সকালে গুয়াহাটিতে প্ৰাগজ্যোতিষ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নবনিৰ্মিত এই মেডিক্যাল কলেজটি অঞ্চলের স্বাস্থ্যসেবা পরিকাঠামো ও চিকিৎসা শিক্ষার সুযোগকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
এর পর তিনি বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুবমোর্চার উদ্যোগে খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে আয়োজিত একটি বিশেষ যুব সম্মেলনে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে থাকবেন যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যা। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও যুব নেতারা অংশগ্রহণ করবেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও যুবসম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হবে সম্মেলনে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস