
মির্জাপুর, ১৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ড্রামন্ডগঞ্জ থানার অন্তর্গত এলাকার হালিয়া-ড্রামন্ডগঞ্জ রাস্তায় ঘটনাটি ঘটেছে। ট্রাক্টর ও বাইকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম ভীমরাজ (২৭)। তিনি গালরা গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে তিনি বাইকে করে বাড়ি ফিরছিলেন। মহোগড়ী গ্রামের কাছে ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। যার ফলে ওই বাইকারোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর, চালক ট্রাক্টর ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি বাজেয়াপ্ত করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন