
চেন্নাই, ১৪ মার্চ (হি.স.) : তামিলনাড়ুতে রান্নার গ্যাস সিলিন্ডারের ঘাটতি নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। রাজ্যের শাসক দল দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে)-এর নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোট কেন্দ্র সরকারের বিরুদ্ধে রবিবার (১৫ মার্চ) রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।
জোটের অভিযোগ, কেন্দ্রের নীতি ও ভুল বিদেশনীতি কারণে গৃহস্থালি এবং বাণিজ্যিক গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব শুধু সাধারণ গ্রাহকদের উপর নয়, হোটেল, রেস্তোরাঁ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও পড়ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বহু ছোট ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে তারা দাবি করেছে।
শনিবার জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই বিষয়ে কেন্দ্রের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে স্পষ্ট পদক্ষেপ বা সংসদে আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।
ডিএমকে নেতৃত্বাধীন জোট কেন্দ্রের বিরুদ্ধে তামিলনাড়ুর প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগও তুলেছে। শিক্ষা সংক্রান্ত তহবিল আটকে রাখা, মনরেগা প্রকল্পের অর্থ প্রদানে বিলম্ব, পানীয়জল পাইপলাইন প্রকল্পে অর্থ ছাড় না করা এবং মাদুরাই ও কোয়েম্বাটুর মেট্রো রেল প্রকল্পে জটিলতা তৈরির মতো একাধিক বিষয় তুলে ধরা হয়েছে।
এছাড়া হোসুর বিমানবন্দর প্রকল্পে বিলম্ব এবং তিন-ভাষা নীতির নামে তামিল ভাষাকে উপেক্ষা করার অভিযোগও করেছে জোট।
ঘোষণা অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে তামিলনাড়ুর সব জেলায় পৌরসভা ও পঞ্চায়েত স্তরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে ডিএমকে ও তাদের সঙ্গী জোটের সাংসদ, বিধায়ক, দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য