
আগরতলা, ১৪ মার্চ (হি.স.) : যুব সম্প্রদায়ের বিকাশ এবং তাঁদের মতামতকে গুরুত্ব দিয়েই ত্রিপুরা সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে বলে জানালেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী টিংকু রায়। শনিবার ত্রিপুরা বিধানসভায় আয়োজিত রাজ্যভিত্তিক বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা এবং রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত ছাত্র-ছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মন্ত্রী টিংকু রায় বক্তব্যে বলেন, ২০৪৭ সালের বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে যুবসমাজের মতামত জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবসে বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট কর্মসূচির সূচনা করেছেন। দেশের উন্নয়নের পথে যুব সমাজের ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যুব উৎসবকে শুধুমাত্র নাচ-গান বা বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন ধরনের চিন্তাভাবনার প্ল্যাটফর্ম তৈরি করেছেন। রাজ্য সরকারও যুব সম্প্রদায়কে আত্মনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
মন্ত্রী টিংকু রায় বলেন, “আমরা চাই না যুব সমাজ শুধুমাত্র গ্রুপ ‘ডি’ চাকরির জন্য লাইনে দাঁড়াক। আমরা চাই তাঁরা যেন নিজেদের দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভর হয়ে ওঠে।” নতুন শিক্ষা নীতি চালু হওয়ার পর রাজ্যের বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন পরিবর্তন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিনের আলোচনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তাঁদের নিজস্ব ধারণা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরে। বিধানসভায় এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেয়ে তাঁরা আনন্দ প্রকাশ করে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ