
উত্তর ২৪ পরগনা, ১৫ মার্চ (হি.স.): ভোট ঘোষণার আগেই রবিবার উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ায় তৃণমূল ও আইএসএফ কর্মী-সমর্থকদের সংঘর্ষ|
স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়োয়ার জঙ্গল আটি গ্রামে তৃণমূল ও আইএসএফ কর্মী-সমর্থকদের সংঘর্ষের জেরে এ দিন উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ২১০ নম্বর বুথ এলাকায় উভয় পক্ষের মধ্যে বচসার জেরে একে অপরের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।
তৃণমূলের অভিযোগ, আইএসএফ কর্মী নজরুল মোল্লা ও বাবলু মোল্লার হামলায় গ্রাম পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম-সহ তিন জন আহত হন। তাঁদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও আইএসএফ নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে| উল্টে তৃণমূলের বিরুদ্ধেই ভাঙচুর ও হামলার অভিযোগ তুলেছে আইএসএফ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ