
মালদা, ১৫ মার্চ (হি.স.): বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যুকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মালদার রতুয়া থানা এলাকা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ থানার সামনে রেখে বিক্ষোভ দেখান পরিজন ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মৃত ব্যক্তির নাম ভোলা মন্ডল (৫৫)। তিনি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি ভাদো এলাকায় সেতাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে আমবাগান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ ভোলা মন্ডল-সহ চারজনকে গ্রেফতার করেছিল। ধৃত ভোলা মন্ডলকে প্রথমে চাঁচল মহকুমা সংশোধনাগার এবং পরে মালদা জেলা সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়।
পরিবারের দাবি, গত ১১ মার্চ ভোলা মন্ডল হঠাৎ বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। এরপর সংশোধনাগার কর্তৃপক্ষ তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে, শনিবার রাতে পরিজন ও স্থানীয়রা রতুয়া থানার সামনে ভিড় জমান। পুলিশের বিরুদ্ধে সঠিক চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে তাঁরা মৃতদেহ রাস্তায় রেখে ১৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন, যার ফলে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ আলোচনার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে এবং পরিজনরা দেহ নিয়ে ফিরে যান। তবে এই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি