
বাঁকুড়া, ১৫ মার্চ (হি.স.): বহিরাগত প্রার্থীর বিরোধিতা করে পোস্টার পড়ল বাঁকুড়ায়| রবিবার বাঁকুড়া জেলার ওন্দার নিকুঞ্জপুরের বিভিন্ন এলাকায় পোস্টার দেখা যায়। পোস্টারের নীচে লেখা 'তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ'। গত বিধানসভা নির্বাচনে ওন্দা কেন্দ্র তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। তার আগে ওই কেন্দ্রে তৃণমূলের বিধায়ক ছিলেন বাঁকুড়া শহরের বাসিন্দা অরূপ খাঁ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অতীতে বার বার ওন্দা বিধানসভা এলাকার বাসিন্দাকে প্রার্থী করার দাবি তুলেছেন। এ বার বিধানসভা নির্বাচনের আগে সেই দাবিকেই জোরালো করতে তৃণমূলের একাংশ ওই পোস্টার দিয়েছে বলে দাবি। তবে ওন্দা ব্লক তৃণমূল নেতৃত্ব বলেন, কারা ওই পোস্টার দিয়েছেন জানা নেই, খোঁজ নিচ্ছি। বিষয়টি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে দাবি বিজেপির।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ