
দুর্গাপুর, ১৫ মার্চ (হি. স.) :- দুর্গাপুরে পথ দুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি পিসিবিএল রোড হয়ে এসবি মোড়ের দিকে আসছিল। অভিযোগ, লরিটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা এক মহিলাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। মৃতার নাম আশা দেবী (৫০)।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ এবং মুচিপাড়া ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ লরিটি আটক করার পাশাপাশি চালককেও আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।স্থানীয়দের দাবি, এসবি মোড় এলাকায় প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এদিনের দুর্ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।জানা গিয়েছে, আশা দেবী এসবি মোড়ের একটি হোটেলে কাজ করতেন। তাঁর বাড়ি করঙ্গপাড়া সংলগ্ন সাহেব পুকুর পাড় এলাকায়। হঠাৎ এই দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়