জলপাইগুড়িতে চুরির পর গণপিটুনির ভয়ে গাছে উঠলো অভিযুক্ত, কয়েক ঘণ্টার চেষ্টায় নামালো পুলিশ
জলপাইগুড়ি, ১৫ মার্চ (হি.স.): চুরির সময় হাতেনাতে ধরা পড়ার পর গণপিটুনির ভয়ে সোজা গাছে চড়ে বসল চুরির দায়ে অভিযুক্ত এক যুবক। রবিবার সকালে জলপাইগুড়ি জেলার কেরানিপাড়া এলাকায় এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পঞ্চায়েত প্
জলপাইগুড়িতে চুরির পর গণপিটুনির ভয়ে গাছে উঠলো অভিযুক্ত, কয়েক ঘণ্টার চেষ্টায় নামালো পুলিশ


জলপাইগুড়ি, ১৫ মার্চ (হি.স.): চুরির সময় হাতেনাতে ধরা পড়ার পর গণপিটুনির ভয়ে সোজা গাছে চড়ে বসল চুরির দায়ে অভিযুক্ত এক যুবক। রবিবার সকালে জলপাইগুড়ি জেলার কেরানিপাড়া এলাকায় এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রতিনিধি, পুলিশ এবং দমকল কর্মীদের কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টায় ওই যুবককে গাছ থেকে নামানো সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক পিলখানা এলাকার বাসিন্দা। রবিবার সকালে সে কেরানিপাড়ার একটি বাড়িতে ঢুকে টাকা চুরির চেষ্টা করছিল। সেই সময় বাড়ির মালিক ও প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতার রোষ এবং মারধরের হাত থেকে বাঁচতে যুবকটি তড়িঘড়ি পাশের একটি উঁচু গাছে উঠে পড়ে।

দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরও সে নিচে নামতে অস্বীকার করায় খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার টানটান উত্তেজনার পর পুলিশ ও পঞ্চায়েত প্রতিনিধিদের হস্তক্ষেপে তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়। পুলিশ ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় নিয়ে গিয়েছে এবং চুরির এই ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande