
অরাইয়া, ১৫ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের অরাইয়া জেলার বেলা-দিবিয়াপুর সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ বছরের এক শিশুকন্যা। রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বেলা থানার সুজনপুরওয়া গ্রামের কাছে নন্দপুর মোড়ে। ঘটনার খবর পেয়েই তিন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বেলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গঙ্গা দাস গৌতম জানিয়েছেন, মৃত শিশুর নাম আনায়া (৬)। সে সুজনপুরওয়া গ্রামের বাসিন্দা নৌসাদের কন্যা। জানা গিয়েছে, ঘটনার সময় শিশুটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। তখনই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলেই আনায়ার মৃত্যু হয়। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
দুর্ঘটনার খবর পেয়েই বেলা থানা, এরওয়াকটরা থানা এবং বিধুনা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শোকাতুর পরিবারকে শান্ত করে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক যানটিকে বাজেয়াপ্ত করেছে এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি