
কলকাতা, ১৫ মার্চ (হি.স.): বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই পশ্চিমবঙ্গ পুলিশে বড়সড় রদবদল করা হলো। এই পর্যায়ে রাজ্য পুলিশের মোট ২৭ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। রবিবার এই সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ডায়মন্ড হারবার পুলিশ জেলার দু’জন আধিকারিককে বদলি করা হয়েছে। ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিক শিবু দাসকে বীরভূম জেলার রামপুরহাট থানার আইসি পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার নোদাখালি থানার আইসি নিরুপম মণ্ডলকে ডায়মন্ড হারবারের ইনস্পেক্টর পদে আনা হয়েছে।
রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সিআইডি এবং আইবি -র আধিকারিক স্তরে এই রদবদল হয়েছে। আইবি-র পুলিশ আধিকারিক সুসিম গঙ্গোপাধ্যায়কে নোদাখালি থানার আইসি করা হয়েছে এবং তাঁর পদে এসেছেন অনুপম মণ্ডল। সিআইডি-র আধিকারিক সুদীপ্ত চক্রবর্তীকে শ্রীরামপুর থানার আইসি পদে পাঠানো হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সঞ্জীব চক্রবর্তী।
এ ছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বারুইপুর, মালদহ, বীরভূম এবং রানাঘাট পুলিশ জেলাসহ রাজ্যের একাধিক জেলায় পুলিশ আধিকারিক স্তরে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার বিকেলেই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার আগেই পুলিশ প্রশাসনে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও পুলিশ সূত্রের দাবি, এটি একটি রুটিন প্রশাসনিক বদলি। এর আগে জানুয়ারি মাসেও ১৯ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। দু’মাসের ব্যবধানে ফের এই রদবদল ঘিরে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি