
আগরতলা, ১৫ মার্চ (হি.স.) : ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। রবিবার রাজধানী আগরতলায় আনুষ্ঠানিকভাবে ২৪টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। ফিতা কেটে এবং সবুজ পতাকা নেড়ে তিনি অ্যাম্বুলেন্সগুলির যাত্রা শুরু করান।
জানা গেছে, প্রায় ৫ কোটিরও বেশি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সগুলি সংগ্রহ করা হয়েছে। এগুলি রাজ্যের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত এলাকায় মোতায়েন করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। ত্রিপুরার মানুষ যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে বাধ্য না হন, সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে আধুনিক অপারেশন থিয়েটার গড়ে তোলা হয়েছে এবং জটিল রোগের চিকিৎসার জন্য অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপনসহ একাধিক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে, যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতিরই প্রমাণ।
অনুষ্ঠানে স্বাস্থ্য দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। রাজ্যবাসীর কল্যাণে নতুন এই অ্যাম্বুলেন্সগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকারের এই উদ্যোগের ফলে জরুরি স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করছেন তথ্যাভিজ্ঞ মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ