
আগরতলা, ১৫ মার্চ (হি.স.) : নেশামুক্ত সমাজ গড়ে তোলা এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বানকে সামনে রেখে রবিবার শুরু হল ডিওয়াইএফআই-এর সদর বিভাগীয় সম্মেলন।
রাজধানী আগরতলায় সুপারিবাগান এলাকার দশরথ দেব অডিটোরিয়ামে শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, সদর বিভাগীয় কমিটির সম্পাদক জয়দীপ রাউতসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পলাশ ভৌমিক রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং শাসক দলের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের আমলে রাজ্যে দুর্নীতি ও বিশৃঙ্খলা বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতির বিরুদ্ধে ডিওয়াইএফআই রাজ্যজুড়ে গণআন্দোলন গড়ে তুলছে এবং আগামী দিনেও সেই আন্দোলন আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
সম্মেলনে যুব সমাজের নানা সমস্যা ও দাবি তুলে ধরা হয়। বিশেষ করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং মাদকাসক্তির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, যুবকদের অধিকার রক্ষা এবং সমাজকে নেশামুক্ত করতে ডিওয়াইএফআই ভবিষ্যতেও সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ