
জগদলপুর, ১৫ মার্চ (হি.স.) : গ্যাস সংকট ও ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল মহিলা কংগ্রেস। ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে এবং মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রী ফুলোদেবী নেতামের নির্দেশে বস্তার জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহিলা কংগ্রেস শহর সভানেত্রী লতা নিষাদ ও গ্রামীণ সভানেত্রী চম্পা ঠাকুরের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা খালি গ্যাস সিলিন্ডার ও উনুন নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখান। এ সময় বস্তার সহ সমগ্র রাজ্যে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহে অঘোষিত নিষেধাজ্ঞা, গৃহস্থালির গ্যাসের ঘাটতি, কালোবাজারি এবং গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্লোগান তোলা হয়।
লতা নিষাদ অভিযোগ করেন, শহরে গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। সিলিন্ডারের ঘাটতি স্পষ্ট হলেও রাজ্য সরকার পর্যাপ্ত সরবরাহের দাবি করছে। তিনি আরও বলেন, কেন্দ্র সরকার সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দাম একসঙ্গে ৬০ টাকা বাড়িয়েছে, ফলে সাধারণ মানুষের সংসারের বাজেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মহিলা কংগ্রেসের হুঁশিয়ারি, গ্যাসের দাম কমানো ও সরবরাহ স্বাভাবিক করার জন্য সরকার ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য