
রেওয়ারি, ১৫ মার্চ (হি.স.) : হরিয়ানার রেওয়ারি জেলায় রবিবার হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। বজ্রসহ শিলাবৃষ্টি ও হালকা বৃষ্টির ফলে তাপমাত্রা কমেছে। আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়েছে মাঠে কাটার জন্য পড়ে থাকা সর্ষের ফসলের উপরেও, ফলে কৃষকদের উদ্বেগ বেড়েছে। অনেক গ্রামে মাঠে রাখা সর্ষের ফসল গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার গুণমান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই পরিবর্তন হয়েছে। এর জেরে রবিবার ঠান্ডা ও জোরালো হাওয়াও বইতে শুরু করে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়, যার ফলে পরিবেশে ঠান্ডা বেড়েছে। বৃষ্টি ও জোরালো হাওয়ার কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রাও কমেছে। নার্নৌলে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে কম বলে মনে করা হচ্ছে। এই আবহাওয়ার পরিবর্তনের ফলে দিন ও রাত—দু’সময়ের তাপমাত্রাতেই হ্রাস দেখা গেছে।
হিসারের চৌধুরী চরণ সিং হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের প্রধান ড. মদন খিচাদের মতে, আগামী দুই থেকে তিন দিন রাজ্যে এমন আবহাওয়াই থাকতে পারে। তিনি জানান, হরিয়ানার অনেক এলাকায় বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জায়গায় জোরালো হাওয়াও বইতে পারে।
এদিকে কৃষি বিশেষজ্ঞরা আবহাওয়ার কথা মাথায় রেখে কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিন মাঠে সেচ দেওয়া বা কীটনাশক ছিটানো থেকে বিরত থাকা উচিত। বৃষ্টি ও জোরালো হাওয়ার কারণে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে এবং ফসলের ক্ষতির আশঙ্কাও থাকে।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, যেসব কৃষকের সর্ষের ফসল কেটে মাঠে পড়ে আছে, তারা আবহাওয়া পরিষ্কার হলেই দ্রুত তা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করুন, যাতে বৃষ্টি ও আর্দ্রতায় ফসলের বেশি ক্ষতি না হয়। আবহাওয়া দফতর কৃষক ও সাধারণ মানুষকেও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আগামী কয়েক দিন রাজ্যে আবহাওয়ার ওঠানামা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য