ঝাড়গ্রামে বিরবাহা হাঁসদার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন
ঝাড়গ্রাম, ১৫ মার্চ (হি.স.) : ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় রবিবার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্য দিয়ে ব্যস্ত কর্মসূচি পালন করলেন রাজ্যের বনমন্ত্রী ও স্থানীয় বিধায়ক বিরবাহা হাঁসদা। ঈদের শুভেচ্ছা বিনিময়, পথবাতির উদ্বোধন এবং
ঝাড়গ্রামে বিরবাহা হাঁসদার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন


ঝাড়গ্রাম, ১৫ মার্চ (হি.স.) : ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় রবিবার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্য দিয়ে ব্যস্ত কর্মসূচি পালন করলেন রাজ্যের বনমন্ত্রী ও স্থানীয় বিধায়ক বিরবাহা হাঁসদা। ঈদের শুভেচ্ছা বিনিময়, পথবাতির উদ্বোধন এবং বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা—এই সব উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়নের বার্তা তুলে ধরেন তিনি।

মন্ত্রী রাধানগরের মসজিদ পাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নতুন পথবাতি উদ্বোধন করেন। বিধায়ক তহবিল থেকে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে ঝাড়গ্রাম শহর, ঝাড়গ্রাম গ্রামীণ এবং বিনপুর ১ নম্বর ব্লকের গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে ৫০টি সোলার লাইট, ২টি মিনি হাইমাস্ট, ৫টি হাইমাস্ট লাইট এবং ২০টি বৈদ্যুতিক লাইট। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, রাতে পর্যাপ্ত আলো ব্যবস্থা করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপদ চলাচল এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শহরের গুরুত্বপূর্ণ মোড়, রাস্তা, শ্মশান এবং জনবহুল এলাকায় আলোর ব্যবস্থা কার্যকর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাধানগর, নেপুরা ও বিনপুরের বাসিন্দারা জানান, নতুন সোলার ও হাইমাস্ট লাইট বসানোর ফলে রাতের অন্ধকারে চলাচল আরও নিরাপদ হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের আরও কয়েকটি এলাকায় উন্নয়নমূলক কাজের পরিকল্পনাও জমা দেওয়া হয়েছে। এছাড়াও, শনিবার মন্ত্রী তাঁর বিধায়ক কোটার অর্থে একটি শববাহী গাড়ি (স্বর্গ রথ) বিনপুর ১ ব্লকের বিডিওর হাতে তুলে দেন।

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি ও নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু নয়াগ্রাম ব্লকের অড়রা গ্রাম পঞ্চায়েতের কুলডিহা থেকে নাগরিপাদার মধ্যে মুরলি খালের উপর একটি বক্স কালভার্ট নির্মাণের শিলান্যাস করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলা পরিষদের বরাদ্দ প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande