
ঝাড়গ্রাম, ১৫ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করতে ঝাড়গ্রামে যুব তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন করা হল। রবিবার ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় কেকেআই স্কুল সংলগ্ন স্থানে রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদার হাত ধরে এই কার্যালয়ের উদ্বোধন হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এতদিন জেলায় শাসক দলের যুব সংগঠনের আলাদা কোনও কার্যালয় ছিল না। সম্প্রতি তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু। তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই বুথ, অঞ্চল ও ব্লক স্তরে দেওয়াল লিখনসহ নির্বাচনী প্রচার শুরু হয়েছে। নতুন এই কার্যালয় থেকেই বিধানসভা নির্বাচনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চূড়ামনি মাহাতো, ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সোরেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসূন সরঙ্গী, স্বপন পাত্র ও অজিত মাহাতো, ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বনাথ মাহাতো এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন সাহু জানান, মূল সংগঠনের জেলা কার্যালয় থাকলেও যুব সংগঠনের আলাদা কোনও অফিস এতদিন ছিল না। দলের বিভিন্ন পদাধিকারী ও কর্মীদের সুবিধার জন্যই এই নতুন কার্যালয় করা হয়েছে। এখান থেকেই বিধানসভা নির্বাচনের সাংগঠনিক কাজ পরিচালনা করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো