
উদয়পুর (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের শালগড়া এলাকায় অবস্থিত রাম ঠাকুর শান্তিনিকেতন সেবা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশ্রমের দরজা ভেঙে পূজার সামগ্রী ও প্রণামী বাক্সের টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।
জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় ভক্তরা আশ্রমে এসে পূজা অর্চনা করে নিজ নিজ বাড়িতে ফিরে যান। রবিবার সকালে পুনরায় পূজা দিতে এসে ভক্তরা দেখতে পান আশ্রমের মূল দরজা ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে আশ্রম কর্তৃপক্ষকে জানানো হয়।
খবর পেয়ে আশ্রমের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। আশ্রমের ভেতরে ঢুকে দেখা যায়, পূজায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও প্রণামী বাক্সে থাকা নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।
পরবর্তীতে কাকড়াবন থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যে এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই ঘটনায় আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ