
শ্রীভূমি (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে ভারতের নির্বাচন কমিশনের নিয়োগকৃত দুজন ব্যয় পর্যবেক্ষক (এক্সপেনডিচার অবজার্ভার) মঙ্গলবার জেলা সদরে এসে পৌঁছেছেন।
১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ এবং ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের ব্যয় পর্যবেক্ষক হয়ে এসেছেন রাহুল পাঞ্জাবরাও গাওয়ানডে, আইআরএস (সিঅ্যান্ডসিই)।১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা ও ১২৬ নম্বর রামকৃষ্ণনগর বিধানসভা নির্বাচন কেন্দ্রের ব্যয় পর্যবেক্ষক হয়ে এসেছেন গোয়ারসে প্রসাদ দত্তাত্রেয় আইআরএস (সিঅ্যান্ডসিই)। এই দুই ব্যয় পর্যবেক্ষক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ রাজনৈতিক দলের প্রার্থীদের সব ধরনের ব্যয় সংক্রান্ত বিষয়াবলি নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুটিনাটি পর্যবেক্ষণ করতে আজ বুধবার দুজন সাধারণ পর্যবেক্ষক (জেনারেল অবজার্ভার) শ্রীভূমিতে আসছেন। ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা এবং ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের জেনারেল অবজার্ভার হচ্ছেন শ্রীমতী কিরণ পাসি (আইএএস) এবং ১২৫ নম্বর পাথারকান্দি বিধানসভা ও ১২৬ নম্বর রামকৃষ্ণনগর বিধানসভা নির্বাচন কেন্দ্রের জেনারেল অবজার্ভার ভিআর বিনোদ (আইএএস)।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস