
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতিতে বড় পদক্ষেপ গ্রহণ করল ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য মোট ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক (জেনারেল অবজার্ভার), ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় পর্যবেক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে কমিশন।
তালিকায় থাকা রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরি। এ ছাড়াও ছয় রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্যও পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
তবে এই তালিকায় সবথেকে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গ। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের প্রতিটির জন্য এক জন করে আলাদা সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অর্থাৎ, আসন সংখ্যার সমপরিমাণ পর্যবেক্ষক এ রাজ্যে মোতায়েন করা হচ্ছে, যা অন্য রাজ্যগুলির তুলনায় অনেক বেশি।
নিরাপত্তার খাতিরেও পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে। তুলনায় তামিলনাড়ুতে ৪০ জন, অসমে ৩৫ জন, কেরলে ১৭ জন এবং পুদুচেরিতে চার জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অন্যদিকে ব্যয় পর্যবেক্ষকের নিরিখে তামিলনাড়ু শীর্ষে থাকলেও (১৫১ জন), পশ্চিমবঙ্গে নিযুক্ত করা হয়েছে ১০০ জন ব্যয় পর্যবেক্ষককে।
কমিশন সমস্ত পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছে যে, আগামী ১৮ মার্চের মধ্যে তাঁদের নির্দিষ্ট বিধানসভা ক্ষেত্রে পৌঁছে যেতে হবে। সেখানে পৌঁছে তাঁরা নিজেদের যোগাযোগের নম্বর ও বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করবেন এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রার্থী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২০বি ধারা অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দুই দফায়। প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে প্রতি দফায় অন্তত ২,৩০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি