কলকাতা পুলিশের নতুন কমিশনার অজয় নন্দা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে লালবাজারে কড়া বার্তা
​কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অজয় নন্দা। মঙ্গলবার দুপুরে লালবাজারে পুলিশ সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিলোত্তমাবা
লালবাজারে পুলিশ কমিশনার অজয় নন্দা


​কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অজয় নন্দা। মঙ্গলবার দুপুরে লালবাজারে পুলিশ সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিলোত্তমাবাসীকে অবাধ, সুষ্ঠু ও ভয়মুক্ত ভোট উপহার দিতে লালবাজার সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে আধা সামরিক বাহিনীর পূর্ণ সহযোগিতা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।​উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশে সোমবারই কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতীম সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর স্থলাভিষিক্ত হয়েই এদিন একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দেন অজয় নন্দা। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কলকাতা পুলিশ শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে কতটা দৃঢ়প্রতিজ্ঞ? এই প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, “আমরা দায়বদ্ধ। এটি আমাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকেই আমাদের মূল নজর থাকবে।”​নির্বাচনী আবহে ‘ফেক নিউজ’ বা ভুয়ো খবর রুখতে লালবাজার বিশেষ পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। কমিশনারের বক্তব্য অনুযায়ী, কলকাতা ও জেলা পর্যায়ে নোডাল অফিসাররা চব্বিশ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাবেন। কোনো বিভ্রান্তিকর তথ্য বা উস্কানিমূলক পোস্ট দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।​নির্বাচনী দ্বন্দ্বে পোস্টার ছেঁড়া বা দেওয়াল লিখন মুছে দেওয়ার মতো অভিযোগ এলে পুলিশ দ্রুত তদন্ত করবে বলে তিনি জানান। এছাড়াও বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার অভিযানে কলকাতা পুলিশ ইতিমধ্যেই সক্রিয় রয়েছে এবং সেই তদন্ত প্রক্রিয়া জারি থাকবে।​বর্তমানে কলকাতা পুলিশের সঙ্গে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। পরিশেষে শহরবাসীকে অভয় দিয়ে কমিশনার বলেন, “আমরা সম্পূর্ণভাবে মুক্ত ও ভয়হীন নির্বাচন প্রক্রিয়া সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande