
হুগলি, ১৭ মার্চ (হি.স.): হুগলিতে তৃণমূলের জেতা ১৪টি আসনের মধ্যে ছয় বিদায়ী বিধায়ককে টিকিট দিল না তৃণমূল। উত্তরপাড়ায় অভিনতা কাঞ্চন মল্লিকের পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে। তিনি স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। শ্রীরামপুরে টিকিট পেলেন না চিকিৎসক সুদীপ্ত রায়। তাঁর বদলে দাঁড়াচ্ছেন তন্ময় ঘোষ। সপ্তগ্রামে তপন দাশগুপ্তের বদলে প্রার্থী ফুটবলার বিদেশ বসু। চুঁচুড়ায় অসিত মজুমদারের বদলে দেবাংশু ভট্টাচার্য। সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীর পরিবর্তে বলাগড়ে প্রার্থী রঞ্জন ধাড়া। পান্ডুয়ায় রত্না দে নাগের পরিবর্তে লড়বেন সমীর চক্রবর্তী।
এদিকে, তিন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন নিজেদের জায়গা যথাক্রমে জাঙ্গিপাড়া, সিঙ্গুর ও চন্দননগর ধরে রেখেছেন। অরিন্দম গুঁইন চাঁপদানি, অসীমা পাত্র ধনেখালি থেকেই প্রার্থী হয়েছেন। করবী মান্না হরিপাল থেকেই টিকিট পেলেন। রামেন্দু সিং রায় প্রার্থী হয়েছেন তারকেশ্বর থেকেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ