
কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে দক্ষ করে তুলতে বড়সড় উদ্যোগ নিল এলটিএম । এই লক্ষ্যে মঙ্গলবার খড়গপুর আইআইটি-র সঙ্গে একটি বিশেষ অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করল সংস্থাটি। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত পরিবেশে কর্মীদের 'আপস্কিল' ও 'রিস্কিল' করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই সহযোগিতার মাধ্যমে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা এবং আইআইটি খড়গপুরের তাত্ত্বিক উৎকর্ষের এক মেলবন্ধন ঘটবে। এই পরিকল্পনার আওতায় থাকছে লক্ষ্যভিত্তিক এআই শিক্ষাক্রম, হাতে-কলমে প্রশিক্ষণ বা কর্মশালা এবং যৌথ গবেষণা। এর ফলে এলটিএম-এর কর্মীরা বর্তমান শিল্পের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা আরও উন্নত করার সুযোগ পাবেন।
এলটিএম-এর চিফ ডেলিভারি অফিসার গুরুরাজ দেশপান্ডে বলেন, “দ্রুত বদলে যাওয়া এআই-নির্ভর কর্মক্ষেত্রে প্রাসঙ্গিক থাকতে কর্মীদের ক্রমাগত নতুন প্রযুক্তি শেখা ও দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি।” অন্যদিকে, আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান নিলয় গাঙ্গুলী জানান, এই সহযোগিতা একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রে প্রয়োগের নতুন দিগন্ত খুলে দেবে। বিশেষজ্ঞ মহলের মতে, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের এই মেলবন্ধন ভবিষ্যতের দক্ষ কর্মী বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত