
কানপুর, ১৭ মার্চ (হি.স.) : কানপুরে ১১ বছরের এক নাবালিকাকে খুন করে দেহ গমক্ষেতে পুঁতে রাখার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার পাশাপাশি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রতিবেশী যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী সোমবার বিকেলে গৃহপালিত পশু চড়াতে বাড়ির কাছের মাঠে যায়। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং থানায় খবর দেন। রাতভর খোঁজ চালিয়েও তার কোনও সন্ধান মেলেনি।
মঙ্গলবার ভোরে পুনরায় খোঁজ শুরু হলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গমক্ষেতে সদ্য খোঁড়া মাটি চোখে পড়ে নাবালিকার পরিবারের সদস্যদের। সন্দেহ হওয়ায় মাটি খুঁড়তেই নাবালিকার দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ফরেনসিক দলকে ডেকে প্রমাণ সংগ্রহ শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেহ উদ্ধারের সময় নাবালিকাটি বিবস্ত্র অবস্থায় ছিল।
পরিবারের অভিযোগ, পাশের বাড়ির এক যুবক যৌন নির্যাতনের পর খুন করে দেহ মাটিতে পুঁতে দেয়। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য