
মালদা, ১৭ মার্চ (হি.স.) : বিধানসভা নির্বাচন ঘোষণার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটাল জাতীয় নির্বাচন কমিশন । এই রদবদলের অংশ হিসেবেই মালদা জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২০১৫ সালের আইপিএস ব্যাচের আধিকারিক অনুপম সিংকে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, মালদা-সহ রাজ্যের মোট ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যেই সমস্ত নতুন পুলিশ সুপারদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ডিসেম্বর মাসেই মালদা জেলার দায়িত্বভার নিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে কমিশন যে এই ধরনের পদক্ষেপ নিতে পারে, তার ইঙ্গিত আগে থেকেই ছিল।
মালদার পাশাপাশি বীরভূম, পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোতেও এসপি বদল করেছে কমিশন।
হিন্দুস্থান সমাচার / সোনালি