
মেদিনীপুর, ১৭ মার্চ (হি.স.) : নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হলো। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারদের বদলির নির্দেশ জারি করেছে কমিশন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা সরকারি চিঠি অনুযায়ী, ১৩ জন আইপিএস ও এসপি স্তরের আধিকারিককে অবিলম্বে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছেন পাপিয়া সুলতানা (এসপিএস ২০১৫)। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার করা হয়েছে অংশুমান সাহাকে (আইপিএস ২০১২)।
নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে যে, এই বদলির প্রক্রিয়া যেন অবিলম্বে কার্যকর করা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের আগামী ১৮ মার্চ, ২০২৬ সকাল ১১টার মধ্যে নিজেদের নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। পাশাপাশি, নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে এই সংক্রান্ত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, সকল আধিকারিকদের বর্তমান দায়িত্ব থেকে সরানো হয়েছে, বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত কোনও পদে বহাল করা যাবে না।
হিন্দুস্থান সমাচার / সোনালি