
উজ্জয়িনী, ১৯ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জয়িনী-তে বিক্রমোৎসব ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার শিপ্রা নদীর তীরে ‘সৃষ্টির সূচনা দিবস’ ও ‘উজ্জয়িনী গৌরব দিবস’ পালন করা হবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। নৃত্যনাট্য, সঙ্গীত, ড্রোন শো ও আতশবাজির সমন্বয়ে ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধন দেখা যাবে এই আয়োজনে।
আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে ‘মহাদেব নদী কথা’-র নৃত্যনাট্য উপস্থাপনা। এরপর সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়ক বিশাল মিশ্র। পাশাপাশি ড্রোন শো ও আতশবাজিও দর্শকদের বিশেষ আকর্ষণ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এছাড়াও একাধিক মন্ত্রী, সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, বিক্রমোৎসব ২০২৬-কে দুই পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে গত ১২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় ও গবেষণামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই অনুষ্ঠান সেই প্রথম পর্যায়ের প্রধান আকর্ষণ।
একই সঙ্গে এদিন থেকেই শুরু হচ্ছে ‘জল গঙ্গা সংবর্ধন অভিযান’। এই কর্মসূচির মাধ্যমে জল সংরক্ষণ, পরিবেশ সচেতনতা, নদী পুনরুজ্জীবন এবং কৃষক কল্যাণের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে। আয়োজকদের দাবি, বিক্রমোৎসব শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং সামাজিক ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধির এক বৃহত্তর উদ্যোগ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য