
মালদা, ১৯ মার্চ ( হি. স.) : মালদার মানিকচক ব্লকের বোচাহি এলাকায় বুধবার সন্ধ্যায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই কারখানায় বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও হুড়োহুড়ি সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হঠাৎ কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার দীর্ঘ সময় পরেও দমকলের কোনও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দা শ্যামাপদ রায় জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলকে জানানো হয়েছিল, কিন্তু দীর্ঘক্ষণ কেউ না আসায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
দমকল পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বালতি ও অন্যান্য পাত্রে জল ঢেলে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও কারখানায় মজুত থাকা লক্ষাধিক টাকার প্লাস্টিক সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে মথুরাপুর এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / সোনালি