
বসিরহাট, ২ মার্চ (হি. স.) : মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানে আটকে পড়েছেন বসিরহাটের একই পরিবারের পাঁচ সদস্য। বসিরহাট এক নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেন গাজী (৩৪) প্রায় আট বছর আগে পড়াশোনার উদ্দেশ্যে ইরানে যান। পরবর্তীতে সেখানেই শিক্ষকতার সঙ্গে যুক্ত হন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ঊষা পারভীন (২৮) ও তাঁদের দুই পুত্র ও এক কন্যা সহ মোট পাঁচজন।পরিবারের দাবি, গত ৪৮ ঘণ্টা আগে বৃদ্ধা মা ইয়ার বানু বিবির সঙ্গে শেষবার কথা হয়েছিল আমিরের। তিনি উদ্বেগের কথা জানিয়েছিলেন। এরপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় উৎকণ্ঠা আরও বেড়েছে। এলাকায় ছড়িয়ে পড়া বিভিন্ন খবরে আতঙ্কিত পরিবার।ইতিমধ্যে ভারতীয় দূতাবাস, তেহরানে ভারতীয় নাগরিকদের জন্য নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে এবং প্রয়োজনে দেশে ফেরার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।এদিকে বসিরহাটে গাজী পরিবারের প্রায় ১৫ জন সদস্য চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। সোমবার ইয়ার বানু বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে ও নাতি-নাতনিদের নিরাপদে ফেরার অপেক্ষায় আছি।” ভাই সাবির গাজীও দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়