
কলকাতা, ২ মার্চ (হি. স.): বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে শহরজুড়ে মিছিল। পুলিশের বাধাদানে শেষ পর্যন্ত হগ স্ট্রিটে আটকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বকেয়া ডিএ প্রদান, সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন এবং শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে সোমবার শহরে মিছিল করেন সরকারি ও আধা-সরকারি কর্মীরা। ‘জয়েন্ট মুভমেন্ট ফোরাম’-এর ডাকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলে পঞ্চায়েত কর্মী, শিক্ষক-শিক্ষাকর্মী, চিকিৎসক-নার্সসহ বিভিন্ন দফতরের কর্মীদের স্বতঃস্ফূর্তভাবেই ব্যাপক জমায়েত হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ মেটাতে হবে। এপ্রিল থেকে ৪ শতাংশ নয়, এআইসিপিআই সূচক অনুযায়ী প্রাপ্য দিন থেকে বকেয়াসহ ৪০ শতাংশ ডিএ দিতে হবে। পাশাপাশি, রাজ্যের সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ ও অস্থায়ী-চুক্তিভিত্তিক কর্মী-শিক্ষকদের নিয়মিতকরণের দাবিও তোলা হয়েছে। এদিকে, পুলিশ হগ স্ট্রিটে মিছিল আটকে দিলে সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ সভা চলে। ওই সভায় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আন্দোলনকারীদের আরও হুঁশিয়ারি, আগামী দিনে দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির পথেই হাঁটবেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত