
মালদা , ২ মার্চ (হি. স.):- সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় বিচারাধীন তালিকায় ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন ভোটারের নাম থাকা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সোমবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ভোট বয়কটের হুঁশিয়ারি দেন কংগ্রেস নেত্রী মৌসম নুর। তাঁর পাশে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরী।মৌসম নুর অভিযোগ করেন, মালদা ও মুর্শিদাবাদ জেলায় রাজ্যের মধ্যে সর্বাধিক সংখ্যক ভোটার বিচারাধীন তালিকায় রয়েছেন। তাঁর দাবি, ভারতীয় জাতীয় কংগ্রেস-এর এই নেত্রীর কথায়, তৃণমূল, বিজেপি ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে ‘সেটিং’ করে চক্রান্ত চলছে। বিচারাধীন ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত না হলে ভোট বয়কট করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানান।মৌসমের বক্তব্যকে সমর্থন করে ইশা খান চৌধুরী জানান, দোল উৎসবের পর জেলা জুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস। এই ইস্যুকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়