
কলকাতা, ২ মার্চ (হি. স.) : দোল উৎসবকে সামনে রেখে দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, কাল ও পরশু রংয়ের উৎসবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী রবিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।কলকাতা সহ উপকূলের একাধিক জেলায় মেঘলা আকাশের কারণে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। দোলের সকালে উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, কোথাও কোথাও সামান্য বেশি থাকতে পারে। আগামী দুদিন উষ্ণতার হালকা অনুভূতি থাকলেও চরম গরমের সম্ভাবনা নেই।অন্যদিকে এদিন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতেরও সামান্য সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশা দেখা দিতে পারে। দুদিন পর থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা সামান্য বাড়বে, তবে পারদ স্বাভাবিকের কাছাকাছিই থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়