
বাঁকুড়া, ২ মার্চ (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট ঘোষণার আগেই বাঁকুড়া জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে। সোমবার স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ওন্দা বিধানসভা এলাকার ছোটো কুরপা, ঘোলকুণ্ডা, ডুমুরিয়া ও জঙ্গলে ঘেরা মাধবপুর গ্রামে রুটমার্চ করেন। স্পর্শকাতর ও প্রত্যন্ত এলাকাগুলিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জওয়ানরা।রুটমার্চ চলাকালীন সম্ভাব্য ভোটকেন্দ্রগুলি পরিদর্শন করা হয়। পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত মতামতও শোনেন বাহিনীর সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আগাম এই টহলদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। তার মধ্যে বাঁকুড়া জেলার জন্য বরাদ্দ হয়েছে ৭ কোম্পানি। প্রয়োজনে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও সূত্রের খবর।কেন্দ্রীয় বাহিনীর আগাম উপস্থিতিতে খুশি স্থানীয় বাসিন্দারাও। গ্রামবাসী সদানন্দ চক্রবর্তী বলেন, “এলাকায় তেমন বড় সমস্যা না থাকলেও কেন্দ্রীয় বাহিনীর টহল নিশ্চয়ই ভালো উদ্যোগ। এতে মানুষের মধ্যে আস্থা বাড়বে।” সব মিলিয়ে, নির্বাচনকে ঘিরে বাঁকুড়ায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়