
রাজারহাট, ২ মার্চ (হি.স.): রাজারহাট মোহাম্মদপুরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন বেরিয়ে আতঙ্ক ছড়াল। সোমবার বেলার দিকের ঘটনা। আগুন ছড়ানোর আগে অবশ্য স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বিদ্যালয়ে।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে মিড ডে মিলের রান্না চলাকালীন আচমকাই গ্যাস লিক করে সিলিন্ডার থেকে আগুন বেরোতে শুরু করে। আতঙ্কে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সবাই দ্রুত বিদ্যালয় ভবন থেকে বেরিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে তৎপরতার সঙ্গে জ্বলন্ত সিলিন্ডারটি বাইরে বের করে আনেন। পরে জল ও বালির সাহায্যে আগুন নেভানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ