
দক্ষিণ ২৪ পরগনা, ২ মার্চ (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের কোদালিয়ায় বেসরকারি স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনার পরে সোমবার সেখানে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার ওই স্কুলে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয় পৃথ্বীরাজ হালদার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের। এই ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন ছাত্রের পরিবারের সদস্যরা।
অভিযোগ, ছাত্রটি অসুস্থ হওয়ার পরে স্কুল চিকিৎসার জন্য তৎপরতা দেখায়নি। যদিও স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ মানতে নারাজ। সে দিনের ঘটনার পরে সোমবার ফের স্কুল খোলে। স্কুলের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। প্রিন্সিপালের সঙ্গে দেখা করার দাবি জানান তাঁরা। যদিও প্রিন্সিপাল দেখা করেননি বলেই জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ