
কলকাতা, ২ মার্চ (হি.স.): এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বীরভূমে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামের বাসিন্দা শেখ কামরুলের (২৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য । পরিবারের অভিযোগ, চূড়ান্ত তালিকায় তাঁর নামের পাশে ‘বিচারাধীন’ লেখা দেখার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। তাঁর আশঙ্কা ছিল, ভবিষ্যতে নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হতে পারে এবং তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হতে পারে।
মুর্শিদাবাদে ভোটার তালিকায় নাম বিচারাধীন, বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক ব্যক্তির। পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসাধীন ব্যক্তির নাম বাবলু হালদার (৬০)। তাঁর বাড়ি ফরাক্কার বিন্দু গ্রাম লুথার কলোনিতে। অভিযোগ, নির্বাচন কমিশন শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই ভোটার তালিকায় বাবলু হালদারের নাম বেরিয়েছিল। সেখানে তাঁর নাম বিচারাধীন থাকায় সে মানসিকভাবে চিন্তিত হয়ে পড়েছিল। এর পরেই রবিবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছে তাঁর পরিবার।
পরিবারের ১০ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন রয়েছে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে মৃত্যু হয় আব্দুল শেখ (৭০) এর। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামের ঘটনা। ঘটনার পর গুধিয়া বকুলতলা মোড়ে সোমবার সকাল থেকে হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়কে তৃণমূলের তরফ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ