
কলকাতা, ২০ মার্চ (হি. স.): পবিত্র ঈদুল ফিতর উৎসব শুরুর প্রাক্কালে শুক্রবার রাজ্যের মুসলিম ধর্মপ্রাণ মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা বা রোজা পালনের পর খুশির ঈদ আসন্ন। শনিবার রমজান মাসের সমাপ্তি এবং পবিত্র ঈদের পুণ্য লগ্ন উপস্থিত হতে চলেছে।সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়া মারফত তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ঈদ মোবারক। সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।উল্লেখ্য, মুসলিম ধর্মাবলম্বীরা অত্যন্ত নিষ্ঠা ও সংযমের সঙ্গে মাসব্যাপী রোজা পালন করেন। উপবাস ও কৃচ্ছ্রসাধনের মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষ এই উৎসবে শামিল হন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসা এই উৎসবের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত